কাপ্তাই-বড়াদম সড়কের বিভিন্ন অংশে ধস

যোগাযোগ বন্ধের আশঙ্কা

কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা

কাপ্তাই-রাঙ্গামাটি-বড়াদম সড়কের ৯ স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। পাহাড়ের চূড়ার ওপর দিয়ে তৈরি করা এই সড়কের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেওয়ায় বড়ো গাড়ি (বাস ও ট্রাক) চলাচল দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়েছে। ছোটো গাড়ি (মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা) কোনোমতে চলাচল করছে। সড়কের বড়াদম অংশে দুই স্থানে ভাঙনের তীব্রতা অত্যন্ত বেশি।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, ভাঙনকবলিত স্থানে বালুর বস্তা ফেলে রাখা হয়েছে। অনেক স্থানে লাল পতাকা লাগিয়ে রাখা হয়েছে। অটোরিকশা চালক মনির হোসেন জানান, প্রতি বছর বৃষ্টির সময় এই সড়কের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। ভাঙনের কারণে মাঝে মাঝে যান চলাচল বন্ধও রাখা হয়। সড়কটি অত্যন্ত দৃষ্টিনন্দন হওয়ায় এই সড়ক পরিদর্শনে অনেক পর্যটক আসেন। কিন্তু সড়কের ওপর দিয়ে একটি মাইক্রোবাসও চলাচল করার মতো অবস্থা নেই। তিনি বলেন, অনেক ঝুঁকি নিয়ে কোনোমতে অটোরিকশা চালাচ্ছি। ভাঙনকবলিত অংশের ওপর দিয়ে গাড়ি চালানোর সময় সারাক্ষণ ভয়ের মধ্যে থাকি। যখন তখন পুরো সড়ক ধসে ৫০০ ফুট নিচে দেবে যেতে পারে বলে সারাক্ষণ মনে ভয় লাগে। সড়কটি স্থায়ীভাবে সংস্কার করার জন্য বিশেষ কোনো উদ্যোগ নিতে দেখা যায় না বলেও তিনি অভিযোগ করেন।

রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা বলেন, এই সড়ক দিয়ে আমাদেরও প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। সড়কের অনেক স্থানে ভাঙন রয়েছে স্বীকার করে তিনি বলেন, উপজেলা পরিষদের মাসিক সভায় এই সড়ক সংস্কার বিষয়ে একাধিকবার আলোচনা হয়েছে। বিষয়টি রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও রাঙ্গামাটি জেলা প্রশাসকের দৃষ্টিগোচরও করা হয়। দ্রুততম সময়ের মধ্যে সড়কটি সংস্কার করার জন্য তিনি সংশ্লিটদের প্রতি আহ্বান জানান।

এ ব্যাপারে রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য শান্তনা চাকমা বলেন, সড়কটি সংস্কারের দায়িত্ব সড়ক ও জনপথ বিভাগের। তিনি বলেন, আপাতত বালির বস্তা ফেলে কোনোমতে সড়কে যান চলাচল উপযোগী রাখার চেষ্টা করা হচ্ছে। তবে এই বালুর বাঁধ বেশিদিন টিকবে না বলেও তিনি মন্তব্য করেন।

এ ব্যাপারে কথা হয় সড়ক ও জনপথ বিভাগের স্থানীয় প্রকৌশলী মো. ইব্রাহিমের সাথে। সড়কের ভাঙনকবলিত অংশের বিষয়ে সওজ অবগত আছে বলে তিনি জানান। জনস্বার্থে অচিরেই সড়ক সংস্কার কাজ শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।