শিবপুর (নরসিংদী) সংবাদদাতা
শিবপুর উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটির একমাত্র এক্স-রে মেশিনটি এক বছর যাবত্ নষ্ট হয়ে পড়ে রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, মেশিন নষ্ট হয়ে পড়ে থাকলেও মেশিনরুমে এক্স-রে করার মতো কোনো পরিবেশ নেই। বৃষ্টি হলেই ছাদ থেকে মেঝেতে পানি পড়ে।
চারদিকের দেয়াল স্যাঁতসেঁতে অবস্থায় আছে। রুমের দরজাটিও টিন দিয়ে আটকানো এবং এক্স-রে ফিল্ম ডেভেলপ করার ডার্ক রুমটির ভিতরে ভাঙা দরজা-জানালা পড়ে আছে।
২৯ আগস্ট ২০১৮ সালের পর থেকে এই মেশিন দিয়ে কোনো এক্স-রে করা হচ্ছে না। যার ফলে সেবা নিতে আশা হাজার হাজার সাধারণ মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলার সফরিয়া গ্রামের শেখ মো. আরিফ জানান, আমি সরকারি হাসপাতালে এক্স-রে করতে গেলে কর্তব্যরত অপারেটর শিল্পী সরকার বলেন, এক্স-রে মেশিন নষ্ট। বেসরকারি কিছু ক্লিনিকের মালিকেরা মহিলা দালালের মাধ্যমে এই সুযোগে ব্যবসা করে যাচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সাইফুল ইসলাম বলেন, নতুন ডিজিটাল মেশিন অল্প কিছুদিনের মধ্যে হাসপাতালে চলে আসবে। আশাকরি রোগীদের দুর্ভোগ কমে আসবে।