শ্রীবরদী পৌর বাজারে গণশৌচাগার না থাকায় ভোগান্তি

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা

শ্রীবরদী পৌর বাজারে গণশৌচাগার না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয় জনসাধারণকে। বাধ্য হয়ে অনেকে সড়কের পাশে মলমূত্র ত্যাগ করে। এতে নষ্ট হচ্ছে পৌর এলাকার পরিবেশ। এ অবস্থায় শহরে আসা লোকজনকে প্রাকৃতিক প্রয়োজন মেটাতে চরম বিব্রতকর অবস্থায় পড়তে হয়।

কাঁচাবাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, বাজারে প্রায় ছোটো বড়ো মিলে ৪০০/৫০০ দোকান আছে। এখানে প্রতিদিন স্থানীয়রা ছাড়াও বিভিন্ন এলাকা থেকে মানুষ বাজার করতে আসে। টয়লেটের ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত মানুষ বিভিন্ন স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছে।

শ্রীবরদীর পৌর মেয়র আবু সাঈদ বলেন, পাবলিক টয়লেট অবশ্যই প্রয়োজন। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর পাবলিক টয়লেটের চাহিদাপত্র পাঠিয়েছি, প্রয়োজনীয় বরাদ্দ পেলেই দ্রুত সময়ের মধ্যে অন্তত দুটি পাবলিক টয়লেট নির্মাণ করে সমস্যার সমাধান করা হবে।