রায়পুরে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

এসআইসহ আহত তিন, আটক চার

 রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

লক্ষ্মীপুরের রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) মানিক বড়ুয়াসহ তিন পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। রবিবার সকালে এসআই মানিক বড়ুয়া বাদী হয়ে এ মামলা করেন। এতে চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো চার থেকে পাঁচ জনকে আসামি করা হয়।

এ ঘটনায় রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সাবেক কাউন্সিলর গোলাম হায়দারের ছেলে শান্ত, স্থানীয় মামুন ও ফরহাদসহ চার যুবককে আটক করা হয়। পরে ঐ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রায়পুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা গোলাম হায়দার চৌধুরী ও তার বোন হাসিনা বেগমের ৩০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার রাত ৮টার দিকে ঐ স্থানে আগুন লাগার খবর পেয়ে এসআই মানিক বড়ুয়া পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় দুর্বৃত্তরা পুলিশের উপর হামলা চালায়।

আহত এসআই মানিক বড়ুয়া বলেন, কিছু বুঝে উঠার আগেই আমাকে মারধর করা হয়। এ সময় আমার দুই কনস্টেবল এগিয়ে আসলে তাদের ওপরও হামলা করে তারা।

রায়পুর সার্কেল অফিসের সহকারী পুলিশ সুপার স্পীনা রানী প্রামাণিক বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।