জৈন্তাপুরে প্রযুক্তি মেলা শেষ হচ্ছে আজ

নেই দর্শনার্থী সমাগম

 জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত জৈন্তাপুর বাস স্টেশনসংলগ্ন জৈন্তিয়া রাজ্যের দরবার হলের মাঠে ছয় দিনব্যাপী ফলদ ও কৃষি প্রযুক্তি মেলার দর্শক আকর্ষণ করতে পারেনি উপজেলা কৃষি অফিস। স্টল মালিক ও দর্শনার্থী ছাড়াই মেলাটি শেষ হচ্ছে আজ সোমবার।

জৈন্তাপুর উপজেলার সার্বিক সহযোগিতায় ছয় দিনব্যাপী ফলদ ও প্রযুক্তি মেলার গত ২৮ আগস্ট উদ্বোধন করা হয়। মেলার প্রথম দিনে কিছু লোকের সমাগম দেখা গেলেও পরদিন থেকে দর্শনার্থীদের পদচারণা দেখা যায়নি। ৫ম দিন মেলায় গিয়ে দেখা যায়, দর্শনার্থী না আসাতে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও তার প্রতিনিধি মেলা আয়োজকের দায়িত্বে স্টলগুলো রেখে নিজেরা বাড়িতে চলে গেছেন। এ বিষয়ে কথা হয় নাজমুল নামে এক কৃষকের সঙ্গে তিনি বলেন, লোকমুখে শুনতে পেরেছি জৈন্তাপুরে একটি কৃষি প্রযুক্তি মেলা চলছে। এখানে এসে দেখতে পাই মেলা থাকলেও কৃষি প্রযুক্তি সম্পর্েক ধারণা দেওয়ার মতো কোনো লোক পাইনি।

গোয়াইনঘাট থেকে আসা মাসুক আহমদ নামে এক কৃষক এ প্রতিবেদককে জানান, মেলায় এসেছিলাম ধানের চারা রোপণে যন্ত্র সম্পর্কে জানতে; কিন্তু এখানে কার কাছে জানতে চাইব, কাউকেই দেখছি না।

এ ব্যাপারে জৈন্তাপুর উপজেলার কৃষি কর্মকর্তা ফারুক হোসাইন বলেন, বর্তমানে আমন ধানের চারা রোপণের মৌসুম থাকায় কৃষক মাঠে চারা রোপণে ব্যস্ত রয়েছে, তাই দর্শনার্থীর সমাগম কম। আমাদের দায়িত্ব মেলা আয়োজন করা।