সিদ্ধিরগঞ্জে র্যাবের অভিযান

মার্শাল আর্ট ও অস্ত্র চালনায় পারদর্শী আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আটক

শনিবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম)-এর সক্রিয় সদস্য শেখ দ্বীন ইসলামকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় বিপুলসংখ্যক উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করা হয়।

রবিবার বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র্যাব-১১-এর সদর দপ্তর থেকে সিনিয়র সহকারী পরিচালক মশিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য সাংবাদিকদের জানানো হয়েছে।

র্যাব জানায়, দ্বীন ইসলামকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে স্থানীয় একটি স্কুল থেকে ৭ম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করে। ২০১৮ সালে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে আনসার আল ইসলাম (আনসারুল্ল­াহ বাংলা টিম)-এ যোগ দেয় সে। দ্বীন ইসলাম ঐ সংগঠনটির দাওয়াতি ও সদস্য সংগ্রহের কাজ করতো। সে মার্শাল আর্ট ও অস্ত্র চালনায় বিশেষ পারদর্শী। দ্বীন ইসলাম বি-বাড়িয়া জেলার সরাইল থানা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।