আগামী বছরের মার্চে পূর্ণ হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। আর এই মুজিববর্ষ উদ্যাপনে দেশের সব চিত্রশিল্পীকে নিয়ে বঙ্গবন্ধু ছবিমেলার আয়োজন করতে যাচ্ছে হাসুমণির পাঠশালা। এ ছবিমেলার প্রতিপাদ্য বিষয় ‘পিতার ভাবনার সোনার বাংলা’। এ বিষয়ে চিত্রশিল্পীদের আঁকা ছবি নিয়ে অনুষ্ঠিত হবে প্রদর্শনী। আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে সুবিধাজনক সময়ে রাজধানীতে অনুষ্ঠিত হবে ‘বঙ্গবন্ধু ছবিমেলা’।
এ উপলক্ষ্যে গতকাল রবিবার রাতে ধানমন্ডির ৩২ নম্বর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে ছবি এঁকে ও মোমবাতি জ্বালিয়ে আয়োজনের সূচনা করেন বরেণ্য চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। আয়োজনের বিস্তারিত তুলে ধরেন হাসুমণির পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপি। আয়োজকরা বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। এসময় জানানো হয়, প্রস্তুতি ও প্রচারণার অংশ হিসেবে হাসুমণির পাঠশালা ঢাকাসহ আটটি বিভাগে স্ব স্ব বিভাগের নির্বাচিত শিল্পীদের নিয়ে আর্ট ক্যাম্প এবং ক্যাম্পে আঁকা চিত্রকর্ম নিয়ে প্রদর্শনীর আয়োজন করবে। মেলায় একটি সাংস্কৃতিক মঞ্চ থাকবে, যেখানে প্রতিদিন বঙ্গবন্ধুকে নিয়ে গান, কবিতা আবৃত্তি, পুঁথি পাঠ, মঞ্চনাটক, প্রামাণ্যচিত্র ইত্যাদি পরিবেশনের ব্যবস্থা থাকবে। শিশুদের জন্য থাকবে শিশু কর্নার, যেখানে বঙ্গবন্ধুর শৈশব নিয়ে গ্রাফিক চলচ্চিত্র এবং ‘খোকা যখন ছোট্ট ছিলেন’ শীর্ষক সিরিজ চিত্রকর্ম প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। শিল্পকর্মের ব্যাপ্তি অনুসারে বঙ্গবন্ধু ছবিমেলা ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণ/সোহরাওয়ার্দী উদ্যান অথবা জাতীয় সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু ছবিমেলায় যেসব প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করতে আগ্রহী তারা আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবে। ব্যক্তিগতভাবে কোনো শিল্পী বঙ্গবন্ধু ছবিমেলায় অংশগ্রহণ করতে চাইলে সে সুযোগও থাকবে। আগামী ১ নভেম্বর থেকে হাসুমণির পাঠশালায় এবং ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ফরম পাওয়া যাবে।