রয়টার্স
ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি কারাগারে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় শতাধিক লোক নিহত হয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহী ও রেডক্রস কর্মকর্তারা রবিবার এ কথা জানিয়েছেন।
চার বছরেরও বেশি সময় ধরে ইরানসমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সুন্নি মুসলিম জোটটি জানিয়েছে, ধামারে হামলা চালিয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের গুদাম ধ্বংস করে দিয়েছে তারা। ধ্বংস হয়ে যাওয়া কারাগারটি ও ধামারের হাসপাতালগুলো পরিদর্শন করে এসে ইয়েমেন রেড ক্রসের প্রধান ফ্রাঞ্জ রাউচেনস্টেইন জানিয়েছেন, ‘শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন বলে অনুমান করছি।’ কারাগারটির ধ্বংসস্তূপ থেকে অন্তত ৬০টি মৃতদেহ বের করে আনা হয়েছে বলে এর আগে হুতিদের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল। ওই কারাগারটিতে ১৭০ জন বন্দি ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। ‘তিনটি ভবনে আঘাত হানা হয়েছে। এই ভবনগুলোতেই বন্দিদের রাখা হয়েছিল। তাদের অধিকাংশই নিহত হয়েছেন,— টেলিফোনে রয়টার্সকে বলেছেন রাউচেনস্টেইন। ইয়েমেনের রেড ক্রিসেন্ট সোসাইটি ধ্বংসস্তূপ থেকে মৃতদেহগুলো বের করে আনার চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন তিনি। প্রায় ৫০ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে ৫২ জন বন্দি রয়েছেন বলে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের ইয়েমেন দপ্তর জানিয়েছে। এখনো অন্তত ৬৮ জন বন্দি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন তারা। এক বিবৃতিতে ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত মার্টিন গ্রিফিথ বলেছেন, ‘(সৌদি) জোট এ ঘটনার বিষয়ে তদন্ত করবে বলে আশা করছি আমি। জবাবদিহিতা চালু হওয়া দরকার।’ কারাগারটিতে ছয়বার বিমান হামলা চালানো হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। ‘শক্তিশালী বিস্ফোরণগুলোতে পুরো শহর কেঁপে উঠেছে। এরপর ভোর পর্যন্ত অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা গেছে’— বলেছেন এক স্থানীয় বাসিন্দা।