ধর্ষণ থেকে বাঁচতে স্বামীর বোন জামাইকে লোহার রড দিয়ে বেদম পিটিয়ে আহত করেছেন এক গৃহবধূ। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার দক্ষিণ কোটতলি এলাকায় এ ঘটনা ঘটে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলার বুড়িমারী কামারপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে ইউসুফ আলী (৩৪) কোটতলী এলাকার আবুল কালামের স্ত্রীকে (২৫) দীর্ঘদিন ধরে উত্যক্ত ও কূপ্রস্তাব দিয়ে আসছিল। সোমবার সকাল সাড়ে ১১ টায় বাড়িতে একা থাকায় ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায় ইউসুফ আলী। এ সময় ধর্ষণের হাত থেকে রক্ষা পেতে গৃহবধূর ঘরে থাকা লোহার রড দিয়ে পিটায় ও বাইস দিয়ে মাথা ও মুখে কুপিয়ে আহত করে। এ ঘটনায় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূ ও ইউসুফ আলীকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত ইউসুফ আলীকে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ইউসুফ আলী গৃহবধূর স্বামীর সৎ বোনের স্বামী।
আরো পড়ুন: ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায়ও ভন ডাইক
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুশফিকুর সালেহীন বলেন, ‘ইউসুফ আলীর শরীরে মারপিট ও মুখের ডান দিকে ও মাথা ফেটে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ‘ইউসুফ আলী দীর্ঘদিন থেকে উত্যক্ত করতে জানিয়েছে ওই গৃহবধূ। এর জের ধরে সোমবার ধর্ষণ করার চেষ্টার সময় ইউসুফ আলীকে পিটিয়ে আহত করে। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। গৃহবধূ পুলিশ হেফাজতে আছে।’
ইত্তেফাক/বিএএফ