আর্সেনাল-টটেনহ্যামের রোমাঞ্চকর ড্র

আর্সেনাল নিজেদের মাঠে শুরুতে দুই গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে টটেনহ্যামের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে। এমিরেটস স্টেডিয়ামে গত রবিবার রাতে শুরুতেই পিছিয়ে পড়ে উনাই এমেরির শিষ্যরা। দশম মিনিটে গোলটি আসে ক্রিশ্চিয়ান এরিকসেনের পা থেকে। ৪০তম মিনিটে পেনাল্টি থেকে হ্যারি কেইন গোল করে সফরকারী টটেনহ্যামকে দুই গোলে এগিয়ে দেন। বিরতির আগেই আলেক্সান্দার লাকাজেতের গোলে ব্যবধান কমায় স্বাগতিক দলটি। প্রথমার্ধ বিরতির পর থেকে আরো ক্ষুরধার ফুটবলের পসরা সাজিয়ে বসে আর্সেনাল। যারই হাত ধরে সমতায় ফেরে তারা। ৭৪ মিনিটে সমতাসূচক গোলটি করেন পিয়েরে এমেরিক অবামেয়াং। এরপর আরো সুযোগ তৈরি করেছিল আর্সেনাল। তবে টটেনহ্যাম রক্ষণের দৃঢ়তায় কেবল একটি পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় উনাই এমেরির দলকে ।