চূড়ায় উঠলেন মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি ক্রিকেটের রেকর্ডের চূড়ায় উঠলেন লাসিথ মালিঙ্গা। আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে তিনিই এখন সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। রবিবার রাতে তিনি ছাড়িয়ে গেছেন এতকাল সবার ওপরে থাকা পাকিস্তানের শহীদ আফ্রিদিকে।

সাবেক পাকিস্তানি অধিনায়কের উইকেট সংখ্যা ৯৮। পালেকেল্লেতে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম ওভারেই কলিন মুনরোকে ফিরিয়ে দিয়ে আফ্রিদিকে ছুঁয়ে ফেলল মালিঙ্গা। এরপর ৩৬ বছর বয়সি মালিঙ্গা আউট করেন ৪৪ রান করা কলিন ডি গ্র্যান্ডহোমকে। আর তাতেই তিনি উঠে যান সবার ওপরে।

মালিঙ্গা মাত্র ৭৪টি টি-টোয়েন্টি খেলেই এই কীর্তি গড়লেন। অন্যদিকে আফ্রিদি খেলেছেন ৯৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। মালিঙ্গা সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১১ সালে। এরপর গেল জুলাইয়ে নিজের শেষ ওয়ানডে ম্যাচটাও খেলে ফেলেন। এখন তিনি কেবল টি-টোয়েন্টিই খেলছেন।

যদিও, অধিনায়ক মালিঙ্গার এই কীর্তি গড়ার রাতে জয় বঞ্চিত হয়েছে শ্রীলঙ্কা। অভিজ্ঞ নিউজিল্যান্ড ব্যাটসম্যান রস টেলরের ২৯ বলে করা ৪৮ রানের দানবীয় এক ইনিংসে ভর করে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে পাঁচ উইকেটের বড়ো জয় পায় সফরকারী নিউজিল্যান্ড দল। মালিঙ্গা চার ওভার বোলিং করে রান গুনেন মাত্র ২৩টি। রস টেলরই পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৭৪ রান করেছিল শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস সর্বোচ্চ ৭৪ রান করেন স্বাগতিকদের হয়ে। জবাব দিতে নেমে তিন বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। আজ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ।