ঝুঁকিপূর্ণ খেয়া পারাপার
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
স্বরূপকাঠি পৌর শহরের দুই জগন্নাথকাঠি বন্দরের সংযোগকারী লোহার পুলটি মেরামত না হওয়ায় শিক্ষার্থী, ব্যবসায়ীসহ এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে। শীতলার খালের ওপর নির্মিত ঐ লোহার পুলটি এক মাস আগে একটি বাল্কহেডের ধাক্কায় বিধ্বস্ত হয়। আজো পুলটি মেরামত না হওয়ায় বন্দরের দুই পাশের বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ হাটবাজার, অফিস আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে চরম অসুবিধা হচ্ছে। ইঞ্জিনচালিত ট্রলার ও খেয়ানৌকায় ঝুঁকি নিয়ে পারাপারে বাধ্য হচ্ছে।
শহীদ স্মৃতি কলেজের ছাত্রী তানিয়া বলেন, অত্যন্ত ঝুঁকি নিয়ে খেয়ানৌকায় নদী পার হতে হয়। অনেক দিন ভিড়ের কারণে খেয়াপার হতে দেরি হওয়ায় সঠিক সময়ে ক্লাসে যাওয়া যায় না। শিশুরা খেয়ায় নৌকা পার হতে ভয় পায়।
জগন্নাথকাঠি বন্দরের ঘরমালিক সমিতির সভাপতি মো. মহিবুল্লাহ বলেন, নারী, শিশু ও বৃদ্ধরা জীবনের ঝুঁকি নিয়ে খেয়ায় নদী পারাপারে বাধ্য হচ্ছে। জরুরিভিত্তিতে ব্রিজটি সংস্কার করা প্রয়োজন।
পৌর মেয়র মো. গোলাম কবির বলেন, স্বরূপকাঠি-কুড়িয়ানা আটঘর সড়কের ঠিকাদারের মালামাল আনলোড করে বাল্কহেডটি ফেরার পথে ঐ দুর্ঘটনা ঘটে। ঐ কাজের ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে তারা ব্রিজটি মেরামত করে দিবেন। কিন্তু ব্রিজের মাঝখানের দুটি পোস্টের ভিম ভেঙে গেছে যা মেরামত করলেও স্থায়িত্ব কম হবে ফলে পুনরায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।