মহানন্দা ও পাগলা নদীতে খনন চলছে

পুনঃখনন করা হয়েছে পাঁচটি খাল

মো. তসলিম উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

দেশের উত্তর-পশ্চিমের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ। এ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা, মহানন্দা, পাগলা ও পুনর্ভবা নদী। কালের বিবর্তনে নাব্য হারিয়েছে মহানন্দা, পাগলা ও পুনর্ভবা নদী। জেলার নাব্য হারানো নদীগুলোর মধ্যে পাগলার দৈর্ঘ্য ৪১ কিলোমিটার। নদীটি ভারতের মালদহ জেলার মহদিপুর হতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর হয়ে বাংলাদেশে প্রবেশ করে। পাগলা ছিল খরস্রোতা নদী। কিন্তু উজানে বাঁধের কারণে পানিপ্রবাহ কমে যায়। এছাড়াও পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ বাঁধের কারণে পদ্মা নদীর সংযোগ বন্ধ হওয়ায় পাগলা নদীটি নাব্য হারিয়ে মরা খালে পরিণত হয়। 

এ অবস্থায় দেশের ৬৪টি জেলার অভ্যন্তরে ছোটো নদী, খাল এবং জলাশয় পুনর্খনন (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় সদর ও শিবগঞ্জ উপজেলার ওপর দিয়ে প্রবাহিত পাগলা নদী পুনর্খননের প্রকল্প গ্রহণ করা হয়। বর্তমানে ছয়টি প্যাকেজে ৪১ কিলোমিটার নদী পুনর্খননের কাজ চলছে। প্রকল্পটি আগামী ২০২০ সালের ডিসেম্বরে সমাপ্ত হবে।

এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলায় ৩২ দশমিক ৫০ কিলোমিটারের পাঁচটি খাল পুনর্খননের কাজ চলছে। এ প্রকল্পের চারটি খালের পুনর্খনন কাজ সম্পন্ন হয়েছে এবং একটি চলমান রয়েছে। উল্লেখ্য, পাগলা নদীর পানির ওপর নির্ভরশীল সদর ও শিবগঞ্জ উপজেলার প্রায় ১৫টি ইউনিয়নের কয়েক লক্ষ মানুষ। এমন অবস্থায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড পাগলা নদী খনন নামে একটি প্রকল্প গ্রহণ করে।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম বলেন— চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর হতে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর পর্যন্ত ৪১ কিলোমিটার পাগলা নদী খনন কাজ চলছে। এ কাজে ব্যয় হবে ৬৬ কোটি টাকা। আগামী দুই বছরের মধ্যে খনন কাজ শেষ হওয়ার পর নদী তীরবর্তী কয়েক লক্ষ লোক উপকৃত হবে। নদীর পানি সেচসহ অন্যান্য কাজে ব্যবহার করা যাবে। দেশি প্রজাতির মাছ চাষ বাড়বে। ফিরে আসবে জীববৈচিত্র্য।

তিনি আরো জানান, স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্পের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় মহানন্দা নদী ড্রেজিং ও রাবার ড্যাম প্রকল্প শীর্ষক প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ ৩৬.০৫ কিলোমিটার মহানন্দা নদী খনন কাজ চালিয়ে যাচ্ছে। এ প্রকল্পের মূল অবকাঠামো ৩৫৩ মিটার দীর্ঘ রাবার ড্যাম নির্মাণ কাজের দরপত্র অনুমোদনের জন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটিতে প্রেরণ করা হয়েছে। অনুমোদিত হলে অচিরেই ঠিকাদার নিয়োগ করে কাজ শুরু করা হবে। প্রকল্পটি বাস্তবায়নের ফলে মহানন্দা নদীতে পানি ধারণক্ষমতা ও প্রবাহ বৃদ্ধি পাবে।