রাণীনগরে আখখেতে রোগের আক্রমণ

দিশাহারা আখচাষিরা

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

রাণীনগরে আখ চাষ করে দিশাহারা হয়ে পড়েছে আখচাষিরা। চলতি মৌসুমে আখ চাষ করে লাভের চেয়ে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। আখ খেতে বিভিন্ন রোগের আক্রমণে মরে গেছে আখ। বাহাদুরপুর গ্রামের আখ চাষি বাবু মিয়া বলেন, প্রতি বছরের ন্যায় চলতি মৌসুমেও তিনি পাঁচ বিঘা জমিতে আখ চাষ করেছেন। কিন্তু হঠাত্ করেই আখের জমিতে লাল বর্ণ রোগসহ বিভিন্ন রোগ দেখা দিয়েছে। এতে দ্রুত আখ মরে যাচ্ছে। তাই চলতি মৌসুমে আখ চাষে লাভের চেয়ে লোকসান গুনতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন, কৃষকদের অসচেতনতার কারণেই আখের জমিতে বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় এই রোগ দেখা দিয়েছে। এছাড়াও আখের বীজ বাহিত রোগের কারণেও এই রোগগুলো হতে পারে। হঠাত্ করেই রোগ দেখা দেওয়ায় ও আখ কাটা শেষের দিকে, তাই বর্তমানে ওষুধ প্রয়োগ করে তেমন কোনো লাভ হবে না। তবে এখনো যে জমির আখগুলো ভালো রয়েছে সেগুলো দ্রুত কেটে বাজারজাত করার পরামর্শ দিয়েছেন এই কৃষি কর্মকর্তা।