ওষুধের দাম বৃদ্ধি
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
ওষুধের দাম বেড়ে যাওয়ায় কমলগঞ্জে নিম্ন আয়ের মানুষ দিশাহারা হয়ে পড়েছেন। উপজেলার পতনঊষার ইউনিয়নের সায়রা বেগম বলেন, ‘ডাক্তাররে ভিজিট দেই একবার, আর বেশি দাম দিয়া ওষুধ কিনতে হয় বার বার। এখন ওষুধেরও দাম বাড়ি গেছে। চিকিত্সা করাইতাম, না খাইতাম!’
উপজেলার শমসেরনগর ইউনিয়নের কৃষক ফরিদ মিয়া ও জামাল মিয়া বলেন, খেত-কৃষি করে বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির পর যেটুকু ধান পাওয়া গেল সেখানে ধানের উত্পাদন খরচই পাওয়া যাচ্ছে না। আর বর্তমানে ওষুধ থেকে শুরু করে জিনিসপত্রের যে অস্বাভাবিক দাম তাতে সংসার চালিয়ে তিন বেলা খাবারই দায়। এছাড়াও বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে যে পরিমাণ খরচ বাড়ছে তাতে বেঁচে থাকাই কষ্টসাধ্য।
গৃহিণী রুশনা বেগম বলেন, আমি নিয়মিত ওষুধ খাই। গ্যাসট্রিকের একটি ক্যাপসুলের দাম ছিল পাঁচ টাকা, এখন এটি হয়েছে ছয় টাকা। দশটি ওষুধের এক পাতা ছিল পঞ্চাশ টাকা এখন হয়েছে ষাট টাকা। কিভাবে ওষুধ খাব আর চিকিত্সা করে বেঁচে থাকব?
শমশেরনগর ইউপির মহিলা সদস্য রেহানা বেগম বলেন, গ্রামে অসংখ্য দরিদ্র পরিবার। যাদের নুন আনতে পান্তা ফুরায়। জিনিসপত্রের দাম বাড়লেও যাদের আয়-রোজগার নেই বা সামান্য আছে তাদের জন্য ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ পড়েছে।