আটক ছয়
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে সোমবার দুপুরে জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ছয় জনকে আটক করেছে। নিহতের নাম আনোয়ারা বেগম (৫৫)। তিনি ঐ গ্রামের মো. ফয়জুর রহমানের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হরিপুর গ্রামের ফকির মেম্বার ও উকিল আলীর মধ্যে জমিজমা নিয়ে পূর্ব বিরোধ ছিল। এর জেরে ঘটনার দিন উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে গ্রামের মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মো. ফকির আলীর পক্ষের আনোয়ারা বেগম ঘটনাস্থলেই নিহত হন এবং উভয় পক্ষের ১৫ জন আহত হন।
খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. হারুণ অর রশিদের নেতৃত্বে তাত্ক্ষণিক পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. হারুণ অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয় জনকে আটক করা হয়েছে।