কলেজছাত্রীর আত্মহত্যা
রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
রামগতিতে ইসরাত জাহান নাফিজা নামে এক কলেজ শিক্ষার্থী বিষপানে আত্মহত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত, ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার উপজেলার রামগতিরহাটে এলাকার নাগরিক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করে। নাফিজা রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং চর আফজল এলাকার মো. হেলাল উদ্দিনের মেয়ে।
মানববন্ধনে নিহতের চাচা মো. রাশেদ বলেন, উপজেলার বড়খেরি এলাকার মো. ইয়াছিনের ছেলে পুলিশ কনস্টেবল ইউসুফ মাহমুদের সঙ্গে নাফিজার প্রেমের সম্পর্ক থাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। এ সুযোগে ইউসুফ আপত্তিকর ভিডিও ও ছবি ধারণ করে রাখে। নাফিজার পরিবারের সম্মতিতে বিয়ের কথা বললে ইউসুফ তালবাহানা করে এবং বিয়ের কথা অস্বীকার করে। একপর্যায়ে আপত্তিকর ভিডিও ও ছবি ফেসবুকে ছেড়ে দেয় ইউসুফ। এতে সহ্য করতে না পেরে নাফিজা বিষপান করে আত্মহত্যা করে।
এ ঘটনায় নাফিজার বাবা মো. হেলাল বাদী হয়ে গত ২৮ আগস্ট লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রামগতি আদালতে একটি মামলা করেন।