তানোরে পাহারাদারের লাশ উদ্ধার

তানোর (রাজশাহী) সংবাদদাতা

তানোর উপজেলায় এক পুকুর পাহারাদারের হাত-পা বাঁধা লাশ পাওয়া গেছে। সোমবার সকালে তানোরের মুন্ডুমালা পৌরসভার মঠপুকুরিয়া মাঠে পুকুরপাড়ে তার লাশটি পাওয়া যায়।

নিহত ব্যক্তির নাম রইস উদ্দিন। তিনি উপজেলার পাঁচন্দর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, পাহারাদার খুন হলেও পুকুর থেকে মাছ চুরি হয়নি। তাই পূর্ব শত্রুতার জেরে রইস উদ্দিনকে হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করছেন। তবে বিষয়টি নিশ্চিত নয়। এ নিয়ে তারা তদন্ত শুরু করেছেন। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।