একদিনেই না ফেরার দেশে চলে গেলেন জাতির তিন শ্রেষ্ঠ সন্তান (ইন্নালিল্লাহি...রাজিউন)। সোমবার রাষ্ট্রীয় মর্যাদায় তাদের দাফন সম্পন্ন করা হয়েছে।
তারা হলেন, রংপুর মহানগরীর শালবন নিবাসী রংপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় ব্যাডমিন্টন ফেডারেশনের সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মোজাফফর হোসেন, নরসিংদীর রায়পুরা উপজেলা শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ভূঁইয়া ও কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা একরামুল হক খন্দকার।
দৈনিক ইত্তেফাকের রংপুর স্টাফ রিপোর্টার, রায়পুরায় (নরসিংদী) সংবাদদাতা ও উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতার পাঠানো রিপোর্ট:
স্টাফ রিপোর্টার, রংপুর:
রবিবার রাত সাড়ে ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে শালবনস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা মো. মোজাফফর হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও দুই মেয়েসহ আত্মীয়-স্বজন, রাজনৈতিক শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ জোহর রংপুর মহানগরীর শালবন কৈলাশ রঞ্জন মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় রংপুর মুন্সিপাড়া কবরস্থানে মরহুমের দাফন কার্য্য সম্পন্ন করা হয়েছে।
রংপুর মহানগরীর শালবন নিবাসী রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক জুনিয়র ভাইস প্রেসিডেন্ট, বিএনপির কেন্দ্রীয় কুটির শিল্প বিষয়ক সম্পাদক, রংপুর মহানগর বিএনপির সভাপতি, রংপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় ব্যাডমিন্টন ফেডারেশনের সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সদস্য ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. মোজাফফর হোসেন।
রায়পুরায় (নরসিংদী) সংবাদদাতা:
নরসিংদীর রায়পুরায় বাম রাজনীতিবিদ, বাংলাদেশ শিক্ষক সমিতি রায়পুরা উপজেলা শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ভূঁইয়া সোমবার ভোরে রায়পুরার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ বহু বহু গুণগ্রাহী রেখে যান তিনি। সোমবার বাদ যোহর রায়পুরাস্থ্য নরসিংদী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বাদ আছর গ্রামের বাড়ি আদিয়াবাদে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ত্যাগী বাম রাজনীতিবিদ ছিলেন। তিনি উপজেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন এবং সর্বশেষ ঐতিহ্যবাহী রায়পুরা আর. কে. আর. এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন।
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার মুক্তিযোদ্ধা ও বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান একরামুল হক খন্দকারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার রাত ২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে লিভারের চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ২ মেয়ে ও ১ ছেলেসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ জোহর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাশিমবাজার গ্রামে জানাযা নামাজ শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়।
ইত্তেফাক/বিএএফ