আত্মসমর্পণ করে জামিন পেলেন বিএনপির শীর্ষ আট নেতা

হাতিরঝিল থানায়

নাশকতার মামলা

ইত্তেফাক রিপোর্ট

আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ আট নেতা। হাতিরঝিল থানার নাশকতার মামলায় গতকাল সোমবার সকালে মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেন তারা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী তাদের জামিন মঞ্জুর করেন। মির্জা ফখরুল ছাড়াও জামিনপ্রাপ্ত নেতারা হলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

নাশকতার মামলায় বিএনপি নেতাদের আগাম জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল নিষ্পত্তিতে ১৬ দফা নির্দেশনা দেয় আপিল বিভাগ। ওই নির্দেশনায় বলা হয়, অনির্দিষ্টকালের জন্য আগাম জামিন দেওয়া যাবে না। অর্থাত্ কোনোভাবেই আট সপ্তাহের বেশি আগাম জামিন নয়। এর বেশি দেওয়া হলে তদন্তকে ব্যাহত করে। এছাড়া হত্যা, ডাকাতি, ধর্ষণের মতো গুরুতর অপরাধের মামলায় সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কখনোই আগাম জামিন নয়। কারণ, আগাম জামিন প্রদানের বিষয়টি একটি ব্যতিক্রমী ক্ষমতা, এ ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে হাইকোর্টকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি বিএনপি নেতাদেরকে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। আত্মসমর্পণ করলে তাদের জামিন আবেদন বিবেচনা করার জন্য নিম্ন আদালতকে বলা হয়।

এর পরই হাতিরঝিল থানার নাশকতার মামলায় গতকাল নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন বিএনপির আট নেতা। পাশাপাশি তারা জামিন চান। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করে।