পুলিশ কর্মকর্তা ও ছাত্রলীগ নেতাসহ ১০ জন নিহত

ইত্তেফাক ডেস্ক

পুলিশের কর্মকর্তা ও ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায়  ১০ জন নিহত হয়েছেন। গত রবিবার ও গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

চৌদ্দগ্রাম (কুমিল্লা) : চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের এএসআই আকতার হোসেনসহ তিন জন নিহত ও চার জন আহত হয়েছেন। নিহতরা হলেন—কুমিল্লা জেলার বরুড়া থানার ছোটো বাতুয়া গ্রামের এএসআই আকতার হোসেন (৪২), কাভার্ডভ্যানের হেলপার লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার নন্দীগ্রামের মো. সুমন (২৬) ও নোয়াখালীর সেনবাগ থানার নিজসেনবাগ গ্রামের মো. ফাহাদ (২৬)। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মাধবপুর (হবিগঞ্জ) : ঢাকা সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলা সদরে গত রবিবার মাইক্রোবাসের ধাক্কায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মওদুদ আহাম্মেদ রুবেল  (২৮) নিহত ও আরো দুই জন আহত হয়েছেন।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় রবিবার দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাজু পাটোয়ারী (২৮) নামে এক হেলপার নিহত হয়েছেন। রাজু নোয়াখালীর মাইজদি এলাকার।

গোদাগাড়ী (রাজশাহী) : গোদাগাড়ীতে চেকপোস্ট তল্লাশির সময় দুর্বৃত্তের মোটরসাইকেল চাপায় আহত পুলিশ কনস্টেবল আবু বকর সিদ্দিক (৩৯) গত রবিবার চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। আবু বকর সিদ্দিককে শনিবার হাসপাতালে ভর্তি করা হয়।

সাভার : সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নববধূ ও নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরে এ দুর্ঘটনা ঘটে।   নিহতরা হলেন—সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের সুগন্ধা হাউজিং এলাকার সদ্য বিবাহিত নিশাত পারভীন (১৯) এবং বগুড়ার সারিয়াকান্দা থানার চরহরিণা গ্রামের আব্দুর রাজ্জাক (৪০)।

টেকনাফ (কক্সবাজার) : টেকনাফ সড়কে যাত্রীবাহী সিএনজি এবং বিজিবির পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রোহিঙ্গা সহোদর নিহত হয়েছেন। নিহতরা হলেন—শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ১১ নম্বর ব্লকের বাসিন্দা সহোদর মোহাম্মদ আইয়ুব (১৭) ও মোহাম্মদ নুর (২৫)।