মানিকগঞ্জ : মানিকগঞ্জ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইরাদ কোরাইশী ইমন। সোমবার দুপুরে শহরের সরকারি দেবেন্দ্র কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশ করে। এ সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইরাদ কোরাইশী ইমনের পরিচালনায় উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা আক্তার, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাদ কোরাইশী সুমন, ফুকুরহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা যুবলীগের সংগঠনিক সম্পাদক পাপন মিয়া প্রমুখ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে পাঁচ সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বরিশাল চার আসনের সংসদ সদস্য ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপির বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক কুত্সা রটনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান —ইত্তেফাক