সাভারে দীর্ঘদিন প্রভাবশালীদের দখলে থাকা একটি সরকারি খাল উদ্ধারের কাজ শুরু হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার উপজেলা প্রশাসনের নির্দেশে আশুলিয়ার ডেন্ডাবর পূর্বপাড়া কবরস্থান রোডের আমিন মডেল টাউনের দখলে থাকা খালটি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে দখল হয়ে যাওয়া নলীরপাড় খালের প্রায় তিন কিলোমিটার জায়গা উদ্ধারের কাজ শুরু করা হয়।
ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নলীরপাড় খালটি আশুলিয়ার গাজীরচট, ডেন্ডাবর, সাভার ক্যান্টনমেন্ট এলাকার পানি নিষ্কাশনের একমাত্র নালা। এই নালাটি দীর্ঘদিন ধরে ভূমিদস্যুরা বিভিন্ন স্থানে ভরাটের মাধ্যমে খালটি দখলে নিয়ে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে রেখেছে। সাভার উপজেলা প্রশাসনের মাসিক সভায় নলীরপাড়া খালের তিন কিলোমিটার দখলমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক সোমবার থেকে বিভিন্ন স্থাপনা ভেঙে পানি নিষ্কাশনের উপযোগী করতে খালটি দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।