প্রজাপতি ধরতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে প্রজাপতি ধরতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে সুরভী আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের দেওয়ানের চালা গ্রামে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। নিহত সুরভী আক্তার ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরমোছলদী (জয়ারচর) গ্রামের কামরুল ইসলামের মেয়ে। সে তার বাবা-মায়ের সঙ্গে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি পশ্চিমপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে থাকতো। সুরভী স্থানীয় একটি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে মা ও বাবা কাজে চলে  গেলে সুরভী স্কুলে না গিয়ে তার সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে খেলতে বাসা থেকে বের হয়। এ সময় স্থানীয় তাসলিমার বাড়িতে বিদ্যুতের তারে বসে থাকা প্রজাপতি ধরতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে সুরভী গুরুতর জখম হয়। সুরভীকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী বলেন, ঘটনাটি তদন্তপূর্বক এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।