জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘শোকাবহ আগস্ট’ শিরোনামে মাসব্যাপী কর্মসূচির গতকাল ২ সেপ্টেম্বর সমাপ্ত ঘোষণা করা হয়। উপজেলা মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম এ ঘোষণা দেন। এসময় রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, উপজেলা যুব উন্নয়ন অফিসার মাসুদ মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওমর ফারুক, উপজেলা শিক্ষা অফিসার জাহেদা আখতার ও নারায়ণগঞ্জ জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম উপস্থিত ছিলেন।
শোকবহ আগস্টের কর্মসূচির মধ্যে ছিল নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরা, চিত্রাঙ্কন, শোকসভা, শোকর্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা বিনির্মাণে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ এবং মিশন ২০৪১ বাস্তবায়নে সব কাজের গৃহীত পরিকল্পনা প্রকল্পসমূহের প্রামাণ্য চিত্র প্রদর্শন, বঙ্গবন্ধুর কর্মজীবনের ফটো গ্যালারি ও স্থিরচিত্র প্রদর্শন। এছাড়া সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ, শোকদিবসের সঙ্গে সঙ্গতিপূর্ণ কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এতিম, সরকারি শিশু পরিবার, এতিমখানা ও সমাজে পিছিয়ে পড়া শিশুদের উন্নতমানের খাবার বিতরণ করা হয়। রূপগঞ্জের সব প্রেক্ষাগৃহে ও ক্যাবল টিভিতে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, শুধু আগস্ট মাসেই বঙ্গবন্ধুর কর্মময় জীবনকে লালন করলে চলবে না। সারা বছরই সকলের অনুরূপ কর্মসূচি পালন করা উচিত।