আসামে এনআরসিতে কেউ রাষ্ট্রহীন হবে না

ভারত সরকার বলেছে, আসামে এনআরসির (ন্যাশনাল রেজিস্ট্রি অব সিটিজেনস) তালিকার বাইরে থাকা কাউকে রাষ্ট্রহীন কিংবা বিদেশি করবে না। তারা কোনো অধিকার কিংবা পরিচয় থেকেও বঞ্চিত হবে না। শনিবার এনআরসির চূড়ান্ত তালিকায় ১৯ লাখ নাগরিক বাদ পড়ায় উদ্বেগ দেখা দেওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় এই আশ্বাস দিয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি রবিবার বাদ পড়া ব্যক্তিদের বন্দি ও বিতাড়িত না করতে ভারত সরকারের প্রতি অনুরোধ জানিয়েছিলেন। কারণ এই ধরনের প্রচেষ্টা বিশ্বে বড় ধরনের প্রভাব ফেলবে বলে তিনি উল্লেখ করেন। এরপর রবিবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আসামে এনআরসি থেকে বাদ পড়া মানেই এই নয় যে, তাদের ব্যক্তিগত অধিকার লংঘিত হবে। বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, তালিকার বাইরে থাকা ব্যক্তিদের আটক করা হবে না। তালিকা পুরো চূড়ান্ত না হওয়া পর্যন্ত তারা সমস্ত সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। সরকার জানিয়েছে, তাদের আপিলের পুরো সুযোগ দেওয়া হবে। এজন্য নতুন করে আরো ২০০ ট্রাইব্যুনাল গঠন করা হবে। বর্তমানে ট্রাইব্যুনালের সংখ্যা ১০০। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এটা সরাসরি সুপ্রিম কোর্টের নজরে আছে। সরকার আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ করছে। তিনি আরো বলেন, এনআরসিতে অবিচার এবং নিরপেক্ষহীনতার কোনো সুযোগ নেই। আর আবেদনপত্রে ধর্মীয় পরিচয়ের কথাও উল্লেখ নেই। এনআরসি নিয়ে বিভিন্ন বিদেশি মিডিয়ায় সমালোচনার প্রেক্ষিতে এই বিবৃতি দেওয়া হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে। এসব সমালোচনা ঠিক নয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। -এনডিটিভি