রাজধানীর বাংলামোটরে ফুটপাতে বাসচাপা দিয়ে নারীর পা হারানো ঘটনায় অভিযুক্ত বাসচালককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। রবিবার রাতে মিরপুরের কাজীপাড়া এলাকা থেকে পিবিআই বাসচালক মোরশেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোরশেদ বাস চালানোর প্রথম দিনেই বিআইডব্লিউটিসি’র সহকারী ব্যবস্থাপক কৃষ্ণা রায় চৌধুরীকে ফুটপাতে চাপা দিয়ে তার এক পা পঙ্গু করে দেন। গতকাল ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বশির আহমেদ বলেন, অপেক্ষাকৃত হাল্কা যানবাহন চালানোর লাইসেন্স ছিল ট্রাস্ট সার্ভিসেস লিমিটেডের বাসচালকের। এই ক্যাটাগরির লাইসেন্সে সাত টনের নিচে যানবাহন চালাতে পারবেন তিনি। তবুও তিনি ৪০ সিটের মিনিবাস চালানোর জন্য স্টিয়ারিংয়ে হাত দেন। প্রথম দিনেই তিনি বাংলামোটর মোড়ে ফুটপাতে বিআইডব্লিউটিসির কর্মকর্তা কৃষ্ণা রায়কে চাপা দেন। বাসের চাপায় ঐ নারীর বাম পা হারাতে হয়েছে।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে মিরপুরের কাজীপাড়া থেকে তাকে গ্রেফতার করে পিবিআই ঢাকা মেট্রো উত্তরের একটি দল। তার লাইসেন্সটি হালকা যানবাহন অর্থাত্ প্রাইভেট কার, মাইক্রোবাস, পাজেরো ইত্যাদি চালানোর। এই লাইসেন্স দিয়ে তিনি ভারী যানবাহন চালাতে পারেন না।
গ্রেফতারকৃত মোরশেদ জিজ্ঞাসাবাদে পিবিআইকে বলেন, গত ২৭ আগস্ট বেলা ২টায় বাংলামোটর মোড় এলাকায় তিনি মিনিবাসটি ফুটপাতে এক নারীকে ধাক্কা দিয়ে উঠিয়ে দেন। তিনি ঐ দিনই প্রথমবারের মতো বাসের স্টিয়ারিং হাতে নিয়েছিলেন। এর আগে তিনি প্রাইভেট কার চালাতেন। সেদিন দুর্ঘটনার পর জটলার সৃষ্টি হলে তিনি দ্রুত বাস থেকে নেমে পালিয়ে প্রথমে ইব্রাহিমপুরের বাসায়, পরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বড় টিয়াপাড়া গ্রামের বাড়ি যান।
পিবিআইয়ের কর্মকর্তারা জানান, রবিবার ভোরবেলা পিবিআইয়ের পরিদর্শক জুয়েল মিয়ার নেতৃত্বে পিবিআইয়ের একটি দল বড় টিয়াপাড়া গ্রামে পৌঁছায়। তবে তাদের উপস্থিতি টের পেয়ে মোরশেদ বাড়ির ভেতরে শৌচাগারের পাশে একটি নারকেলগাছ বেয়ে ওপরে উঠে আত্মগোপন করেন। এরপর মোরশেদ নারিকেল গাছ থেকে নেমে গ্রামের বাড়িতে না থেকে সোজা চলে আসেন ঢাকায়। ঢাকার বিভিন্ন স্থানে ঘোরাঘুরির পর কাজীপাড়ায় রাত ১০টার দিকে পিবিআই তার অবস্থান নিশ্চিত হয়ে গ্রেফতার করে।
এদিকে, মেডিক্যাল বোর্ড কৃষ্ণার পায়ে অস্ত্রোপচারের পর কৃত্রিম পা বসানোর সিদ্ধান্ত নিয়েছে। অস্ত্রোপচারে পায়ের কিছু মরা টিস্যু ফেলে দেওয়া হয়েছে। এরপর স্কিন গ্রাফটিং করে বাম কৃত্রিম পা বসানোর উপযোগী করা হবে।