ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা
ওসমানীনগরে ফার্মেসী ব্যবসায়ীর বাসায় ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় ডাকাতদের হামলায় বাসার গৃহকর্তা গোয়ালাবাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রগতি ফার্মেসীর স্বত্বাধিকারী আব্দুল মুমিন আহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার গোয়ালাবাজার স্কুল রোডস্থ আব্দুল মুমিনের বাসায় ডাকাতির ঘটনাটি ঘটে। গৃহকর্তা আব্দুল মুমিন জানান, শুক্রবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে ৭ জনের ডাকাত দল বাসার সামনের কেচি গেইটের তালা কেটে দরজা বাহির থেকে ভেঙে বাসায় প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। ডাকাতরা প্রায় এক ঘণ্টা বাসায় অবস্থান নিয়ে বাসায় থাকা আলমিরা খুলে ১০ ভরি স্বর্ণ ও নগদ ১২ হাজার টাকাসহ দুই একটি দামি শাড়ি নিয়ে চলে যায়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তদন্তক্রমে দ্রুত পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।