বানিয়াচংয়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ে ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। নিহত এখলাছুর রহমান ওরফে ছালা ফকির (৬৫) ওই উপজেলার ইকরাম মোকামবাড়ির বাসিন্দা। গতকাল শনিবার সকালে হবিগঞ্জ-ইকরাম সড়কের উত্তর সাঙ্গর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ছালা ফকির সকালে ইকরাম থেকে উত্তর সাঙ্গর যাওয়ার জন্য পায়ে হেঁটে রওয়ানা হন। পথে কয়েকজন তাকে ইজিবাইকে উঠতে অনুরোধ করলে তিনি উঠে পড়েন। ইজিবাইকটি উত্তর সাঙ্গর গ্রামের নিকট পৌঁছলে হঠাত্ উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. দেবাশীষ দাশ।