‘আফগানিস্তান থেকে ৫৪০০ সেনা তুলে নেবে যুক্তরাষ্ট্র’

আফগানিস্তানের বিদ্রোহী গোষ্ঠী তালেবানের সঙ্গে শান্তি চুক্তির আলোচনার অংশ হিসেবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি জালমাই খালিলযাদ বলেছেন, আফগানিস্তানের পাঁচটি ঘাঁটি থেকে ৫৪০০ মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে তালেবানের সঙ্গে নীতিগত সমঝোতা হয়েছে।   

আফগানিস্তানের টিভি চ্যানেল ‘তোলো নিউজ’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সমঝোতায় বর্ণিত শর্ত অনুযায়ী সবকিছু ঠিকঠাকমতো অগ্রসর হলে আমরা আফগানিস্তানের পাঁচটি ঘাঁটি থেকে ২০ সপ্তাহের মধ্যে সেনা প্রত্যাহার করব। 

বর্তমানে আফগানিস্তানে শুধুমাত্র ওই পাঁচ ঘাঁটিতেই মার্কিন সেনা মোতায়েন রয়েছে বলে জানান খালিলজাদ।

তবে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তির খসড়া অনুমোদন করলেই কেবল তালেবানের সঙ্গে এটি স্বাক্ষরিত হবে। এ ছাড়া, কোন পর্যায়ে কতো সেনা প্রত্যাহার করা হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাম্পই নেবেন বলে জানান জালমাই খালিলযাদ। 

এর আগে সোমবার আফগান বংশোদ্ভূত এই মার্কিন কূটনীতিক কাবুলে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি ও প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন।

আরও পড়ুন: কাবুলে তালেবানের হামলা, নিহত ১৬, আহত ১১৯

এসব সাক্ষাতে তালেবানের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের গত এক বছরের আলোচনার ফলাফল তুলে ধরেন খালিলযাদ।

ইত্তেফাক/এসআর