সৈয়দপুরের নিয়ামতপুর নামক স্থানে ট্রাক চাপায় ফারুক হোসেন (২৮) নামে এক ট্রলি শ্রমিক নিহত হয়েছেন। নিহত ট্রলি শ্রমিক সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ফকিরপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে। মঙ্গলবার সকালে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ইউনিক অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুন: নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে ট্রলিতে বালু লোড করছিলেন ফারুক। এ সময় দ্রুতগামী ট্রাকটি সড়ক ছেড়ে নীচে নেমে ওই ট্রলিকে ধাক্কা দিলে চাপা পড়েন শ্রমিক ফারুক। এতে তার বাম হাতের কব্জি পর্যন্ত বিচ্ছিন্ন হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত ফারুককে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওই হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/আরকেজি