কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা
গোপালগঞ্জে সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার কাশিয়ানী উপজেলার কালনা ঘাট বটতলা এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন পালিত হয়।
মানববন্ধন চলাকালে লোহাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার মৃধা, সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখ, সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ সুরুজ মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আমরা গোপালগঞ্জ জেলা প্রশাসক এবং পরিবেশ ও বনমন্ত্রীর সুপারিশসহ পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে এ ব্যাপারে অভিযোগ করেছি। পরিবেশ অধিদপ্তর ওই ইটভাটাটি ভেঙেও ফেলে; কিন্তু ইটভাটার মালিক নড়াইল জেলার লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুদ্দিন খন্দকার প্রভাব খাটিয়ে ভাটার ভাঙা অংশ মেরামত করে পুনরায় কাজ চালিয়ে যাচ্ছে। ভাটাটি বন্ধ করে সরকারি কৃষি জমি উদ্ধারসহ পরিবেশের ভারসাম্য ও স্বাস্থ্য সুরক্ষার দাবি জানান বক্তারা।