সাকিবের দিকে চেয়ে কোচ

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশে এসেছেন সপ্তাহ দুয়েক হলো। এই সামান্য সময়ে সব খেলোয়াড়কেও ঠিক মতো চিনে ওঠা যায় না। এর মধ্যেই দল নিয়ে প্রথম টেস্টে লড়াই শুরু করতে হচ্ছে রাসেল ডমিঙ্গোকে।

প্রথম টেস্টটায় তাই নিজেকে কোচের চেয়ে দর্শক হিসেবেই বেশি দেখতে চাইছেন ডমিঙ্গো। তিনি বলছেন, এই টেস্টে তিনি বাংলাদেশ দলটাকে বুঝে নিতে চান। এই টেস্টে রণকৌশল থেকে শুরু করে একাদশ গঠন; সবকিছুতেই তিনি অধিনায়ক সাকিব আল হাসানের দিকে চেয়ে থাকবেন।

গতকাল দলের রণকৌশল নিয়ে কথা বলতে গিয়ে কোচ বললেন, ‘এটা বাংলাদেশের সাথে আমার প্রথম টেস্ট ম্যাচ। আমি দেখতে চাই, এই ম্যাচে বাংলাদেশ কেমন পারফরম করে। আমি এলাম এবং সিস্টেম বদলে ফেললাম, এটা করা খুব কঠিন। ফলে আমি বসে দেখব জিনিসগুলো কেমন কাজ করে। নির্বাচকরা ও সাকিব তাদের মতো করে চিন্তা করছে। আমি এটাকে নিজের দল বানানোর আগে সেটা দেখতে চাই।’

শুধু অধিনায়ক হিসেবে সাকিবের দিকে চেয়ে নেই কোচ। পারফরমার সাকিব আল হাসানও তার বড়ো ভরসা। সাকিবের প্রশংসা করে তিনি বলছিলেন, ‘সে লম্বা সময় ধরে বিশ্বের সেরা অলরাউন্ডার। ফলে তার কাছে উঁচু প্রত্যাশা তো থাকবেই। সবচেয়ে বড় কথা, তার নিজের প্রত্যাশাও অনেক উঁচু। সে নিজের জন্য অসাধারণ একটা মান তৈরি করেছে। সব ফরম্যাটেই সে খুব ভালো পারফরম করে। আমরা প্রত্যাশা করি, সে আরো উন্নতি করুক এবং সেটা ধরে রাখুক।’