এগিয়ে চলেছেন নাদাল

বাদ পড়লেন ওসাকা

 স্পোর্টস ডেস্ক

রাফায়েল নাদাল এবারের ইউএস ওপেনে মারিন চিলিচের কাছ থেকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়লেও শেষ পর্যন্ত জিতে নিজের চতুর্থ শিরোপা পানে এগিয়ে চলেছেন। কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ আর্জেন্টিনার দিয়েগো শোয়ার্টজম্যান। অপরদিকে নারী বিভাগে বাদ পড়েছেন গেলবারের চ্যাম্পিয়ন নাওমি ওসাকা।

ইউএস ওপেনের দ্বিতীয় বাছাই এই স্প্যানিশ দুর্দান্ত সার্ভ মেরে প্রথম সেটটি জিতে নিলেও পরেরটিতে কুলিয়ে উঠতে পারেননি। এরপর অবশ্য আর সমস্যা হয়নি নাদালের। আর্থার অ্যাশ কোর্টে নাদালের গেমের ৬-৩, ৩-৬, ৬-১, ৬-২ জয়ে সমর্থন দেন টাইগার উডের মতো তারকাও।

নাদাল পরে বলেন, ‘তার মতো কারো সমর্থন আমার জন্য অনেক কিছু। ক্রীড়া ক্ষেত্রে সে যত কিছু করেছে, যেভাবে কঠিন পরিস্থিতিতে লড়াই অব্যাহত রাখে, এ জন্য সে হলো দারুণ এক অনুপ্রেরণা।’

ক্রোয়েশি চিলিচের বিরুদ্ধে ফোরহ্যান্ড মেরে জয় করায়ত্ত করেন। এটি হলো গ্র্যান্ড স্ল্যাম ইভেন্টে তার ৪০তম বারের মতো কোয়ার্টার ফাইনালে খেলা। ৩৩ বছর বয়সী নাদাল এখন পর্যন্ত চাপহীন টুর্নামেন্টই কাটাচ্ছেন। এ পর্যন্ত কেবল একটি সেটেই হেরেছেন এবং দ্বিতীয় রাউন্ডটিতে ওয়াকওভার পান ১৮টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল।

ওসাকাকে ৭-৫, ৬-৪ গেমে হারিয়ে ইউএস ওপেন থেকে বিদায় করে দেন সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচ। এই হারে জাপানের ওসাকা বিশ্ব র্যাংকিংয়ে এক নম্বর আসনটি খোয়াবেন। অস্ট্রেলিয়ার অ্যাশলেইঘ বার্টি উঠে আসবেন নারী টেনিস খেলোয়াড়দের শীর্ষে।