অস্ট্রেলিয়ান একাদশে রদ-বদল

আজ শুরু ম্যানচেস্টার টেস্ট

স্পোর্টস ডেস্ক

আজ থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজের চতুর্থ টেস্টে ফিরছেন স্টিভেন স্মিথ। খবরটা পুরোনো। আর নতুন খবর হলো, তাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়ছেন উসমান খাজা।

টেস্ট শুরুর আগেরদিন গতকাল ম্যানচেস্টার টেস্টের জন্য ১২ জনের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তাতে ফিরেছেন স্টিভেন স্মিথ, সঙ্গে আছেন ফাস্ট বোলার মিশেল স্টার্ক। বাদ পড়েছেন খাজা। আর পেসারদের মধ্যে জায়গা পাননি জেমস প্যাটিনসন।

খাজা অবশ্য নিজের দোষেই বাদ পড়ছেন। কারণ, টেস্টে সাম্প্রতিক সময়ে তার ফর্ম খুবই বাজে। অ্যাশেজের ছয় ইনিংসে গড় মোটে ২০.৩৩। তিন নম্বরে ব্যাটিং করে সেভাবে প্রভাব বিস্তার করতে পারেননি। সর্বশেষ ডার্বিশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৭২ রান করলেও নির্বাচকদের মন জয় করতে পারেননি তিনি। রানে ফেরার সুযোগ এই দফায় তিনি পাচ্ছেন না।

স্টিভেন স্মিথের বদলি হিসেবে শেষ তিনটি ইনিংসেই খেলেছেন মার্নান লাবুশেন। আর তিনি এই জায়গাটায় বেশ সফল। টানা তিন ইনিংসে পেয়েছেন হাফ সেঞ্চুরি। তিন ইনিংসে করেন যথাক্রমে ৫৯, ৭৪ ও ৮০ রান। এর ফলেই একাদশ নিয়ে মধুর সমস্যা শুরু হয় অস্ট্রেলিয়ার। লাবুশেনকে রাখতেই হচ্ছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) দলে আরো জায়গা পেয়েছেন মার্কাস হ্যারিস ও ডেভিড ওয়ার্নার। অজি দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার ম্যানচেস্টারে এদের মধ্য থেকে কোন ১১ জনকে নিয়ে একাদশ সাজানো হবে—সেই ব্যাপারে কোনো খোলাসা করেননি। তিনি সংবাদ সম্মেলনে এসে বলেন, ‘১২ জন নিয়ে পুরোপুরি নিশ্চিত। তবে ১১ জনের কী হবে তা বলতে পারছি না। ম্যাচের আগেই বোঝা যাবে।’

তবে, টিম ম্যানেজমেন্টের ভেতরের খবর হল ১২ জনের দলে থাকা চার পেসারের এক জন বাদ পড়তে যাচ্ছেন। তিন পেসারের জন্য দলে লড়াই করবেন প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও পিটার সিডল।

অন্যদিকে, স্বাগতিক ইংল্যান্ড পরিবর্তন আনছে নিজেদের ব্যাটিং অর্ডারে। ওপেনার হিসেবে খেলতে নামবেন আগের তিন ম্যাচে চার নম্বরে ব্যাট করা জো ডেনলি। কারণ ফর্মহীনতায় ভুগছেন মারকুটে ওপেনার জেসন রয়। তবে একাদশ থেকে বাদ পড়ছেন না রয়। মিডল-অর্ডারে ডেনলির স্থানে ব্যাট হাতে দেখা যাবে রয়কে।

প্রথম টেস্টে ২৫১ রানের বড়ো ব্যবধানে সফরকারী অস্ট্রেলিয়া জয় পায়। দ্বিতীয় টেস্ট ড্র হয়। আর তৃতীয় টেস্টে বেন স্টোকসের অপরাজিত ১৩৫ রানের সুবাদে হাড্ডাহাড্ডি লড়াই শেষে মাত্র এক উইকেটে ম্যাচ জিতে স্বাগতিক ইংল্যান্ড। ফলে পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। অ্যাশেজের ছাইদানি এবার কার হাতে উঠবে সেটা নির্ভর করছে শেষ দুই ম্যাচের ফলাফলের ওপর।