নতুন পদ্ধতিতে শ্রম অভিযোগ নিষ্পত্তির হার বেড়েছে

ইত্তেফাক রিপোর্ট

চলতি বছর জানুয়ারির শেষ দিকে শ্রম সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য একটি হেল্প চালু করেছিল শ্রম মন্ত্রণালয়। ঐ হেল্পলাইনে (১৬৩৫৭) অভিযোগ জানাতে কোনো খরচ করতে হয় না। অভিযোগ নিষ্পত্তির কার্যক্রম পরিচালনা করছে শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)। গতকাল এক অনুষ্ঠানে ডিআইএফইর মহাপরিদর্শক শিবনাথ রায় জানিয়েছেন, গত সাত মাসে প্রাপ্ত শ্রম অভিযোগের ৯৫ ভাগ নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। আলোচ্য সময়ে ঐ হেল্প লাইনের মাধ্যমে ৭৭১টি অভিযোগ আসে, যার মধ্যে ৭৩৭টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে। ডিআইএফইর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অবশ্য অভিযোগ নিষ্পত্তির ধরন কী, কিংবা নিষ্পত্তির পর অভিযোগকারী বা অভিযুক্ত তা কীভাবে দেখেছেন—সে সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী ঐ কর্মশালায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার নীরান রামযুথান অভিযোগ ব্যবস্থাপনায় এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে বলেও উল্লেখ করে তিনি অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতিকে আরো স্বচ্ছ, শ্রমিকবান্ধব ও ফলপ্রসূ করার ওপর জোর দিয়েছেন।