রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বর্ধিত ফি ও সান্ধ্যকোর্স বাতিলের দাবিতে হওয়া আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা খারিজ করে দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এনায়েত কবির সরকার এ রায় ঘোষণা করেন। প্রায় আড়াই বছর ধরে চলা এই মামলার আসামিদের ৩৪ জনকেই বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজী শওকত সালেহীন বলেন, ‘মামলার ২২ জন সাক্ষীর মধ্যে বাদী ছাড়া আর কারো সাক্ষ্যই শক্তভাবে আদালতে প্রমাণ হয়নি।’
এদিকে, রায় ঘোষণার পর আদালত চত্বর থেকে বেরিয়ে আসার খালাসপ্রাপ্তদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয় ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। রায়ে সন্তোষ প্রকাশ এবং পরে দুপুরে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেন প্রগতিশীল ছাত্রজোট।
আরো পড়ুন : রাজধানীতে ট্রেনে কাটা পড়ে কাপড় ব্যবসায়ী নিহত
গত ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি রাবিতে বর্ধিত ফি ও সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবিতে আন্দোলনরত সহস্রাধিক শিক্ষার্থীর ওপর হামলা চালানো হয়। পরদিন নগরীর মতিহার থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও ছাত্রলীগ পৃথকভাবে আন্দোলনকারীদেরকেই আসামি করে ৬টি মামলা দায়ের করে। পরে ছাত্রলীগ তাদের মামলা তুলে নেয়। বাকি মামলাগুলোর তদন্ত শেষে ২০১৭ সালের ৭ মে আদালতে চার্জশিট দাখিল করা হয়। এতে রাবি প্রগতিশীল ছাত্রজোটের ১৬ নেতাকর্মী, রাবি শাখা ছাত্র শিবিরের তৎকালীন সভাপতি আশরাফুল আলম ইমন ও ছাত্রলীগের তৎকালীন সহ-সভাপতি দেলোয়ার হোসেন ডিলস এবং সাধারণ শিক্ষার্থীসহ মোট ৩৪ জনকে অভিযুক্ত করা হয়।
ইত্তেফাক/ইউবি