এক কিলোমিটার সড়কের জন্য দুর্ভোগ!

বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলার গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গাবতলী স্লুইসগেট পর্যন্ত এক কিলোমিটার সড়কের জন্য ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

উপজেলার গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গাবতলী স্লুইসগেট পর্যন্ত এক কিলোমিটার কাঁচা রাস্তা। এ রাস্তাটি ২০১৩ সালে সিডিএমপি ও ইউএনডিপির অর্থায়নে সলিং করে স্থানীয় প্রকৌশল বিভাগ। সড়কটি সলিং করার চার বছরের মাথায় ইট দেবে ও উঠে গিয়ে কাদা এবং গর্তে পরিণত হয়েছে। ঐ এক কিলোমিটার সড়কের শতাধিক স্থানে গর্ত রয়েছে। যা দিয়ে মানুষ ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঐ সড়ক দিয়ে গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরপাড়া দাখিল মাদ্রাসা শিক্ষার্থীসহ গাবতলী, লেমুয়া, তেঁতুলবাড়ীয়া, পশ্চিম গাবতলী ও চরপাড়া গ্রামের প্রায় ১০ হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। এছাড়া ঐ সড়ক দিয়ে ছোটোবগী বাজার ও তালতলী উপজেলা শহরে যেতে হয়। গত তিন বছর ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে। মানুষের চলাচল করতে ভোগান্তির অন্ত নেই।

স্থানীয় ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম লিটন মোল্লা বলেন, সড়কটি দিয়ে মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।

ছোটোবগী ইউপি চেয়ারম্যান মো. তৈফিকুজ্জামান তনু বলেন, চলাচলের অনুপযোগী ঐ সড়কটি সংস্কারের জন্য দ্রুত প্রকল্প দেওয়া হবে। বরাদ্দ পেলেই নির্মাণ করা শুরু করব।

তালতলী উপজেলা প্রকৌশলী আহম্মদ আলী বলেন, সড়কটি দিয়ে মানুষের চলাচলে সমস্যার কথা জেনেছি। আগামী অর্থবছরে আইআইআরডিপি-২ প্রকল্পে অন্তর্ভুক্ত করে সংস্কার করা হবে।