রামুতে অগ্নিকাণ্ডে মুদি ব্যবসায়ী ও কর্মচারীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া বাজারে অগ্নিকাণ্ডে মুদি ব্যবসায়ী ও তার কর্মচারীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ছোটো জামছড়ির লাল মোহাম্মদের ছেলে বাজারের মুদি দোকানদার ফিরোজ আহমদ (৫৫) ও তার দোকানের কর্মচারী আনোয়ার হোসেন (১৫)। আনোয়ার কচ্ছপিয়া ইউনিয়নের শুকমনিয়া গ্রামের নুর কাদেরের ছেলে।

অগ্নিকাণ্ডে বাজারের ৫টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে রামু এবং কক্সবাজার দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে পুড়ে ছাই হয়েছে ফিরোজের দোকানের সামনে রাখা মোটরসাইকেলটিও। অগ্নিকাণ্ডের পর দমকল বাহিনীর কর্মীরা দোকানের ভেতর থেকে ফিরোজ ও তার দোকান কর্মচারীর মরদেহ উদ্ধার করে। ব্যবসায়ীদের ধারণা—রাতে ফিরোজ ও কর্মচারী দোকানের ভেতরে ছিলেন। কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইসমাইল মো. নোমান মালিক-কর্মচারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তের তালিকায় ফিরোজ আহমদের মুদির দোকান, দিল মোহাম্মদের ওয়ার্কশপ, আবদুল করিমের চাউলের দোকান, মনির আহমদের চাউলের দোকান ও অধির কর্মকারের কামারের দোকান রয়েছে। ব্যবসায়ীরা জানান, ক্ষতিগ্রস্তদের মধ্যে অধির কর্মকারের দোকান ছাড়া অবশিষ্ট চারটি দোকানই বাজারের বৃহত্ পাইকারি ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইসমাইল মো. নোমান জানান, মঙ্গলবার ভোররাত ৪টার দিকে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এসময় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেন।