ভ্রাম্যমাণ প্রতিনিধি
ভাদ্র মাস শেষ হতে চললেও পশ্চিমের জেলাগুলোতে প্রত্যাশিত বৃষ্টি নেই। সপ্তাহখানেক ধরে ভ্যাপসা গরম পড়ছে।
জেলাগুলো হচ্ছে যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া। চলতি বছর এ অঞ্চলে বৃষ্টিপাত কম হচ্ছে। প্রয়োজনীয় বৃষ্টির অভাবে রোপা আমন চাষ ব্যাহত হচ্ছে। আকাশে মেঘের আনাগোনা থাকলেও ভারি বর্ষণ হচ্ছে না। মাঝে মধ্যে হালকা বৃষ্টি হলেও মাঠে পানি জমছে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে যায়।
ঢাকা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। শরীরে ঘাম ঝরছে। সাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ভারী বৃষ্টি হলে স্বস্তি ফিরে আসবে।
তিনি আরো জানান, সেপ্টেম্বর মাসটা এ রকম চলতে পারে। বৃষ্টি বেশি হলে গরম কমবে। আর বৃষ্টি কম হলে গরম বাড়বে।
মঙ্গলবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও যশোরে ছিল ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।