সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
সুন্দরগঞ্জ উপজেলার ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এছাড়া সহকারী শিক্ষকের পদ শূন্য আছে ৬৬টি।
জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৬৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বিদ্যালয়গুলোতে শতভাগ শিক্ষার্থী উপস্থিত থাকলেও শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীদের সঠিক সময় পাঠদান করতে পারছে না কর্মরত শিক্ষকরা। এছাড়া উপজেলায় ১১ জন সহকারী শিক্ষা অফিসারের পদ শূন্য থাকলেও সেখানে পালাক্রমে দায়িত্ব পালন করছে মাত্র ছয়জন। এতে করে শিক্ষকদের তদারকি কাজে হিমশিম খেতে হচ্ছে সহকারী শিক্ষা অফিসারদের।
এ নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম. হারুন-উর-রশিদ জানান, ৮০ জন শিক্ষক ও ১১ জন সহকারী শিক্ষা অফিসারের শূন্যপদগুলো পূরণের জন্য কয়েকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। তবে আগামী নিয়োগে শূন্যপদগুলো পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।