গোবিন্দগঞ্জে অবরোধ বিক্ষোভ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
ঢাকা-রংপুর মহাসড়ক সম্প্রসারণের জন্য গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহর এলাকায় মহাসড়কের দুই পাশের জমি সমভাবে অধিগ্রহণের দাবিতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে দোকানমালিক ও ব্যবসায়ীরা।
গোবিন্দগঞ্জ ভূমি ও দোকানমালিক সংগ্রাম কমিটি মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ভূমি ও দোকানমালিক সংগ্রাম কমিটির আয়োজনে গোবিন্দগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জাহানারা মার্কেটের সামনে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে। এ সময় এক সমাবেশে বক্তব্য রাখেন ভূমি ও দোকানমালিক সমিতির আহবায়ক মঞ্জুরুল ইসলাম সেলিম, সমিতির সদস্য সচিব শাহাবুবুল আলম মিঠু ও দোকানমালিকের শিশুপুত্র ফয়সাল কবিরসহ অন্যরা। প্রায় ৩০ মিনিটের অবরোধের সময় মহাসড়কের দুই পাশে বিপুল যানবাহন আটকা পড়ে।
উল্লেখ, ঢাকা-রংপুর মহাসড়ক ফোরলেনে উন্নীতকরণ কাজে সাসেক কর্তৃপক্ষ গোবিন্দগঞ্জ শহরে সড়কের দুই পাশে সমানভাবে ভূমি অধিগ্রহণ না করে পশ্চিম পার্শ্বে প্রায় ১৬০ ফুট ভূমি অধিগ্রহণের উদ্যোগ নেয়।