মেলান্দহ-রেখিরপাড়া রাস্তা বেহাল

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা

মেলান্দহে এলজিইডির রেখিরপাড়া রাস্তাটি বেহাল ও চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। হাজরাবাড়ি পৌরসভা এবং বেলতৈল বাজার থেকে রেখিরপাড়ায় ২০ টাকা রিকশা ভাড়া। কিন্তু রাস্তা কর্দমাক্ত থাকায় ২০০-৩০০ টাকায় যাতায়াত করতে হয়। বাস্তবে দেখলে মনে হবে এটি রাস্তা নয়, কাদায় হালচাষ করা জমি।

সরেজমিনে দেখা গেছে, ফুলকোচা, ঘোষেরপাড়া এবং ঝাউগড়া ইউনিয়নের সঙ্গে রেখিরপাড়ার সংযোগ সড়ক হওয়ায় আশপাশের এলাকাবাসীকেও চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে দুর্ভোগের সীমা থাকে না। মুমূর্ষু রোগী কিংবা গর্ভবর্তী মহিলাদের চিকিত্সার প্রয়োজনে যানবাহন আসে না। ছেলেমেয়ের বিয়ের ক্ষেত্রেও রাস্তার অজুহাতে ভালো সম্বন্ধ জোটে না।

উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম তালুকদার জানান, বহুল আলোচিত এই রাস্তা পাকাকরণের প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে।