একটি চলে না অন্যটি চালানোর লোক নেই, এভাবেই দেড় যুগ

রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অত্যাধুনিক এক্স-রে মেশিনটি দেড় যুগ হলো অচল। চার বছর যাবত অচল অবস্থায় আছে আরও একটি এক্স-রে মেশিন। উপজেলায় প্রায় তিন লাখ লোকের স্বাস্থ্য সেবায় ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। দুর্ভোগে রোগীরা।

সরেজমিনে, ওই স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি লক্ষ্য করা গেছে। প্রয়োজনে রোগীদের ২৫ কিলোমিটার দুরে রংপুর জেলা সদরে গিয়ে এই সেবাটি নিতে হচ্ছে। 

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রথম এক্স-রে মেশিনটি স্থাপনের বছর খানেকের মাথায় নষ্ট হয়ে যায়। এরপর বেশ কয়েক বার ভালো করার চেষ্টা করা হয়েছিল। পরে মেশিনটি মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কাজ হয়নি। 

গত ৪ বছর আগে আরও একটি আধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করা হয়। যা আজ পর্যন্ত অপারেটরের অভাবে চালু করাই সম্ভব হয়নি। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ ফেরদৌস জানান, শুধু এক্স-রে মেশিন ২টি নয়; দীর্ঘ দিন ধরে ইসিজি মেশিন, রক্ত সংরক্ষণের রেফ্রিজারেটর, ডিসটিল ওয়াটার তৈরি মেশিন চালু করা সম্ভব হয়নি। স্বাস্থ্য কমপ্লেক্স নানা বিধ সমস্যার ব্যাপারে কর্তৃপক্ষকে বার বার জানান হয়েছে। কিন্তু ফল হয়নি। 

আরও পড়ুন: ক্বিন ব্রিজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

তিনি আরও বলেন, বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্স  নানা সমস্যা বাণিজ্যমন্ত্রীকে মৌখিক ভাবে জানিয়েছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উলফৎ আরা বেগম জানান, বিষয় গুলো জেলা মিটিংয়ে উপস্থাপন করেছি। কিন্তু কোনো অগ্রগতি দেখছিনা।

ইত্তেফাক/অনি