ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে দেশের সর্বস্তরের মানুষের মধ্যে পরিচ্ছন্নতাবিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শুরু হয়েছে ‘পরিচ্ছন্নতার অঙ্গীকার’ শীর্ষক প্রচারাভিযান। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, এমপির পক্ষে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্ কামাল।
বাংলাদেশ স্কাউটস এবং ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশে’র এই যৌথ উদ্যোগের লক্ষ্য হচ্ছে দেশের সকল নাগরিকের মধ্যে পরিচ্ছন্নতাবিষয়ক সচেতনতা সৃষ্টির মাধ্যমে ভবিষ্যত্ প্রজন্মের জন্য একটি সুন্দর, সুস্থ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা। উদ্বোধন অনুষ্ঠান থেকে পরিচ্ছনতার পাশাপাশি সকলের প্রতি ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহারের আহ্বান জানানো হয়। একই দিনে প্রচারাভিযান চলে শহিদ মিনারসহ কাকরাইল মোড়, নীলক্ষেত মোড়, শাহবাগ ও টিএসসি এলাকা। সেপ্টেম্বর ও অক্টোবর জুড়ে ঢাকার ২৫টি, গোপালগঞ্জে ২টি এবং চাঁদপুরের তিনটিসহ দেশের ৩০টি এলাকায় এ ক্যাম্পেইন চলবে।
‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’-এর মুখ্য সমন্বয়ক সালাউদ্দিন আহমেদ তারেক এবং ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’ এর পরিচ্ছন্ন দূত চিত্রনায়ক রিয়াজ এই প্রচারাভিযানে অংশগ্রহণ করেন। দেশব্যাপী অনুষ্ঠিতব্য ‘পরিচ্ছন্নতার অঙ্গীকার’ প্রচারাভিযানে অংশ নিচ্ছে প্রায় ৩ হাজার স্কাউট সদস্য। প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান অসুস্থ থাকায় তার লিখিত বক্তব্য পড়েন একান্ত সচিব খন্দকার মশিউর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘এ কর্মসূচি শুরু হলে ডেঙ্গু প্রবণতা অনেকটাই কমবে’। তিনি সবাইকে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে আহ্বান জানান।