বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট খানজাহান আলী (রহ.)র মাজারে দুই দিনব্যাপী বার্ষিক ওরস শুরু হয়েছে। শনিবার শুরু হওয়া এ ওরশ মোবারক রবিবার রাতে শেষ হবে। প্রতিবছর বাংলা সালের ২৪ ও ২৫ অগ্রহায়ণ দুই দিনব্যাপী ওরশ পালিত হয় এ মাজারে। ওরশ উপলক্ষে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীরা ভিড় জমিয়েছে মাজার প্রাঙ্গণে। যে যার মত আল্লাহ ও কামেল পীর খানজাহান আলী (রহ) -এর স্মরণে আরাধনা করছেন। এ দুই দিনে হাজার হাজার দর্শক এখানে আসেন। তারা প্রত্যেকে নিজেদের খাবার নিয়ে আসেন। কেউ কেউ আবার মাজারে নিজেদের ব্যবস্থাপনায় রান্না করে খায়।
মাজারে আসা ভক্ত ও দর্শনার্থীরা জানান, অনেক দূর-দূরান্ত থেকে আমরা প্রতিবছরই এখানে আসি। এখানে এসে আল্লাহর সন্তুষ্টির জন্য জিকির আজগর করি। এখানে আসলে মনটা ভাল হয়ে যায়। এখানে সব ধর্মের ও বর্ণের দর্শনার্থীরা আসেন।
বাগেরহাট মাজারের প্রধান খাদেম ফকির শের আলী বলেন, প্রায় সাড়ে পাঁচশ’ বছর ধরে বাগেরহাটের খানজাহান আলী মাজারে বার্ষিক ওরশ মোবারক পালিত হয়। এ দুই দিনে লাখ লাখ ভক্ত ও দর্শনার্থীরা এখানে ভীড় জমায় সৃষ্টি কর্তার সন্তুষ্টির জন্য। শুরু হওয়ার আগের দিনই বিভিন্ন জেলা থেকে দর্শনার্থী ও ভক্তবৃন্দরা সমাগম হয়। শনিবার সকালে ফজরের নামাজের পর থেকেই এ ওরশের কার্যক্রম শুরু হয়।