ইত্তেফাক রিপোর্ট
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ২০৪১ সালের মধ্যে দেশ উন্নত ও সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। সরকারের এই মহাপরিকল্পনায় ভালো কাজকে স্বীকৃতি দিতে হবে জনগণকে। ভালো কাজে এগিয়ে আসতে হবে। গতকাল মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে টেকসই উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আমরা শুধু প্রাকৃতিক নয়, রাজনৈতিক প্রতিকূল পরিবেশ মোকাবিলা করেই এই পর্যন্ত এসেছি। তাই এই পথচলায় ভালো কাজের ক্ষেত্রে জনগণের সমর্থন আমাদের উত্সাহি করে। প্রায় ২০০ জন সরকারি কর্মকর্তার অংশগ্রহণে ২ দিনব্যাপী এই আলোচনা সভার আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এতে কারিগরি সহায়তায় ছিল বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, জাতিসংঘের ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ডিআইডিএফ। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল। এর আগে আলোচনা সভায় অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন কারিগরি ও নীতি নির্ধারক বিষয়ক সেশন অনুষ্ঠিত হয়। সেখানে প্যানেলিস্টরা তাদের ধারণা, অভিজ্ঞতা ও সামাজিক নিরাপত্তার বিষয়গুলো উপস্থাপন করে।