ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনের নিজস্ব তহবিল থেকে দেওয়া অর্থ দিয়ে নির্মিত খাবারের ওয়ার্ড উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভাঙ্গা ৫০ শয্যা হাসপাতালের দ্বিতীয় তলায় হাসপাতালে আগতদের খাবারের স্থানটি খুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান বলেন, আমাদের সবার জনবান্ধব এমপি নিক্সন চৌধুরী তার নিজস্ব তহবিল হতে রোগী ও রোগীদের সহযোগীদের খাবারের ওয়ার্ডটি খুলে দেওয়ায় এখন তাদের কষ্ট অনেক লাঘব হবে। এছাড়াও এমপির নির্দেশমতে উপজেলা পরিষদের পক্ষ হতে একাধিক ফ্যানসহ আনুষঙ্গিক কিছু কাজ করে দিচ্ছি যাতে করে সেবা নিতে আসা রোগীরা ভোগান্তির শিকার না হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. খালেদুর রহমান মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ঈসাহাক মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান পারুলী আক্তরী, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর গোলাম মাওলা প্রমুখ।