মানহানির মামলায় ব্যারিস্টার মইনুলের জামিন নামঞ্জুর

মানহানির মামলায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। তার জামিনের আবেদন নাকচ করে দিয়ে গতকাল মঙ্গলবার এই আদেশ দেন ঢাকার মহানগর হাকিম তোফাজ্জল হোসেন। এই আদেশের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট এম. আমিনুল ইসলাম। তিনি জানান, হাইকোর্ট এই মামলায় মইনুল হোসেনকে আগাম জামিন দেন। পরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে তিনি নিয়মিত জামিন পান। এরপর আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী আদালতে আত্মসমর্পণ করে তিনি নিয়মিত জামিন চান। আপিল বিভাগের রায়ে সংশ্লিষ্ট আদালতকে আইন অনুসারে নথিপত্রের ভিত্তিতে আবেদনকারীর জামিন আবেদন বিবেচনা করতে বলেছে। কিন্তু নিম্ন আদালত আপিল বিভাগের রায় ও আইন অনুসরণ না করে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছে। তিনি বলেন, জামিনযোগ্য মামলা এবং জামিনে থাকাবস্থায় তিনি এর অপব্যবহার করেননি, একজন বয়ষ্ক ও অসুস্থ মানুষ এইসব বিবেচনায় নিয়েও আদালতের উচিত ছিল জামিন মঞ্জুর করা। 

গত বছরের ২১ অক্টোবর মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানির মামলা করেন সাংবাদিক মাসুদা ভাট্টি। দণ্ডবিধির ৫০০, ৫০৬ ও ৫০৯ ধারায় এ মামলা করা হয়।