খুলনায় ইভিএম প্রদর্শনী শুরু

খুলনা অফিস

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এ বিষয়ে জনগণকে সচেতন করতে শনিবার থেকে খুলনা শহরে শুরু হয়েছে ইভিএম প্রদর্শনী। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হেলাল হোসেন।

জেলা প্রশাসক জানান, প্রাথমিকভাবে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের চারটি কেন্দ্র খুলনা জেলা স্কুল, পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আবু হানিফ কেরাতুল কোরআন মাদ্রাসা ও ফাতেমা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইভিএম প্রদর্শন করা হবে। ১২ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে ১৫৭টি কেন্দ্রে ইভিএম প্রদশর্নীর আয়োজন করা  হবে; যা নির্বাচনের আগের দিন পর্যন্ত অব্যাহত থাকবে। ইভিএম নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে যে সকল প্রশ্ন আছে তা এই প্রদর্শনীর মাধ্যমে দূর হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। জেলা প্রশাসকের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, জেলা নির্বাচন অফিসার মো. মাজহারুল ইসলাম, নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক এএসএম ইকবাল হাসানসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।